শিরোনাম
যাত্রীসেবা ও নিরাপত্তা জোরদার

দুর্গাপূজায় যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেন, বাতিল ৫ ট্রেনের অফ-ডে

দুর্গাপূজায় যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেন, বাতিল ৫ ট্রেনের অফ-ডে

 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীচাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বিরতি (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত কোচ সংযোজন, ইঞ্জিন সরবরাহ এবং স্টেশন ও রেলপথের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর ঢাকা স্পেশাল-৩ এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল-৪ চলাচল করবে। অন্যদিকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে।

পাঁচ ট্রেনের অফ-ডে প্রত্যাহার

অতিরিক্ত যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বিরতি প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডে বাতিল করা হয়েছে।

যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

পূজার সময় যাত্রীচাপ মোকাবিলায় পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহও নিশ্চিত করা হবে।

ট্রেনের সময়সূচি ঠিক রাখা ও সিডিউল বিপর্যয় কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। একই সঙ্গে রেললাইন ও সেতুর নিরাপত্তায় পেট্রোলিং, সিগন্যালিং ব্যবস্থার নিবিড় পর্যবেক্ষণ এবং কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে রিলিফ ট্রেন।

প্রধান স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ের কর্মীদের নজরদারিও বাড়ানো হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর