চুয়াডাঙ্গা প্রতিনিধি : যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি। এ ছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে আছে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ও ৩ লাখ ২ হাজার ২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।
বিজিবি জানায়, কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে ৬০০ কিলোমিটার সীমান্তে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান এবং সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চলছে। ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধেও অভিযান পরিচালিত হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত অপরাধ ও মাদক দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।