শিরোনাম
কাস্টমস গোয়েন্দার অভিযানে চাঞ্চল্য

টেক্সটাইল শিল্পে পুকুর চুরি! ৬ প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন

টেক্সটাইল শিল্পে পুকুর চুরি! ৬ প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবের গরমিল; নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ৬টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (SRB)-এর সহযোগিতা নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করছে। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং Customs Bond Management System (CBMS)-এর তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যাপক অসংগতি পাওয়া যায়।

পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের Management Information System (MIS) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ৬টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটিত হয়।
যে ৬ প্রতিষ্ঠানে শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে
১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ — প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।
৬. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।

*বন্ড সুবিধার আড়ালে রাজস্ব ফাঁকির আশঙ্কা*
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক রাখা। এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। কমে যায় শুল্ক-কর পরিশোধ করে এসব কাাঁচামাল আমদানি। সরকার হারায় বিপুল রাজস্ব। কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির গুরুত্বপূর্ণ ঝুঁকি নির্দেশ করছে।

*চূড়ান্ত তদন্তে আরও অনিয়ম উদ্ঘাটনের সম্ভাবনা*
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) আশা করছে বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখলে শুল্ক-কর পরিশোধ করে এইসব কাাচামাল/পণ্য আমদানি বাড়বে এবং এটি রাজস্ব আদায়ে ধনাত্মক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর