শিরোনাম

ইসরায়েলে রাজনৈতিক সংকট, ক্ষমতা হারানোর আশঙ্কায় নেতানিয়াহু; গৃহযুদ্ধের হুঁশিয়ারি

ইসরায়েলে রাজনৈতিক সংকট, ক্ষমতা হারানোর আশঙ্কায় নেতানিয়াহু; গৃহযুদ্ধের হুঁশিয়ারি

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘদিনের আধিপত্য হারানোর মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরের নির্বাচনে তার জোটকে পেছনে ফেলে এগিয়ে থাকা বিরোধী শিবির সরকার গঠনের উদ্যোগ নেওয়ায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। 

এমন পরিস্থিতিতে বিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত ক্ষমতায় টিকে থাকার কৌশল।

শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী শিবিরের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু সতর্ক করে বলেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তার অভিযোগ, এসব দল ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়।

সোমবার আরেক ভিডিওতে তিনি বিরোধী নেতাদের তার নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। এতে অতি-ধর্মীয় দলগুলোর পাশাপাশি কট্টর ডানপন্থী নেতা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সাবেক সরকারি উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক মিচেল বারাকের মতে, অতি-ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব। ফলে নেতানিয়াহু দুর্বল অবস্থান থেকেই নিজের জোটকে শক্তিশালী করার চেষ্টা করছেন।

তবে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট শুধু ক্ষমতা হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিচার চলছে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা এবং পরবর্তী গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগেও তাকে জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

নতুন পার্লামেন্টে ৭ অক্টোবরের হামলায় স্বজন হারানো পরিবার, সংরক্ষিত সেনা এবং জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব থাকায় নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের দাবি আরও জোরালো হতে পারে। বিরোধীদের অন্যতম লক্ষ্য হচ্ছে, ওই হামলার আগে সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ সরকারে যোগ দিতে রাজি করানো। তবে বিরোধীদের মধ্যে তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আগ্রহ খুবই কম। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সরকার গঠনের চলমান সমীকরণের ওপর। সূত্র: আল-জাজিরা

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর