মৃত্যু অবধারিত। আপনজন হারানোর শোকের পাশাপাশি দাফন-কাফনের আয়োজনও অনেক সময় অসচ্ছল পরিবারের জন্য হয়ে ওঠে বাড়তি দুশ্চিন্তার কারণ। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুরের বকশীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বিদায় সেবা’। কোনো আর্থিক বিনিময় ছাড়াই ২৪ ঘণ্টা বিনামূল্যে দাফন ও কাফনের সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
২০২৪ সালে যাত্রা শুরু করা সংগঠনটি এরই মধ্যে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে শেষ বিদায়ের নির্ভরতার জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। কাফনের কাপড় সরবরাহ, কবর খোঁড়া, মরদেহ গোসল করানোসহ দাফনের আনুষঙ্গিক কাজগুলো স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে সম্পন্ন করেন।
সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন আবু তালেব টক্কু। তাঁর সঙ্গে সাইফুল ইসলাম, নাসিরুল্লাহসহ ১২ জন স্বেচ্ছাসেবী নিয়মিত এই মানবিক কাজে যুক্ত রয়েছেন। দিন কিংবা রাত—যেকোনো সময় মৃত্যুসংবাদ পেলেই প্রয়োজনীয় সেবা নিয়ে ছুটে যান তারা।
সংগঠনটির সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ মরদেহের শেষ বিদ্যার কাজে তারা সহযোগিতা করেছেন। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জন্য কাফনের কাপড় থেকে শুরু করে দাফনের পুরো প্রক্রিয়ায় বিনামূল্যে সহায়তা দিয়ে আসছেন।
সম্প্রতি বকশীগঞ্জের হোটেল গুলশানের মালিক ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম মোখলেসুর রহমানের মৃত্যুর পরও গভীর রাত থেকে ভোর পর্যন্ত দাফনের কাজে নিয়োজিত ছিলেন ‘আল বিদায় সেবা’র স্বেচ্ছাসেবীরা। শোকাহত পরিবারের পাশে থেকে তারা মরদেহের গোসল, কাফন ও দাফনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।
বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মার্কাস মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আলী বলেন, “সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অত্যন্ত মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তাদের এই সৎ কাজের উত্তম প্রতিদান দান করুন।”
‘আল বিদায় সেবা’র স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অসহায় মানুষের শেষ বিদায়কে সম্মানজনক ও সহজ করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা।
জরুরি প্রয়োজনে বিনামূল্যে দাফন ও কাফন সেবা পেতে ০১৯১৮-৫০১৪৬৬ এবং ০১৯১১-৭৮৪৬৭০ নম্বরে যোগাযোগ করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।