শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব শিক্ষক দিবসে দেশের ১০০ গুণী শিক্ষকের সঙ্গে সম্মাননা পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এবার ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষক রয়েছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন এক যুগের বেশি সময় ধরে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর এবং ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
শিক্ষকতার পাশাপাশি গবেষণাতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও তাঁর নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে জীববৈচিত্র্য বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী হিসেবেও কাজ করেছেন।
তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৯৩টি এবং এসব গবেষণার মোট সাইটেশন ৯৮৮টি। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে তিনি একাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
অধ্যাপক বেলাল হোসাইনের গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ। বর্তমানে তিনি নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, “একজন শিক্ষক হিসেবে এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে একই সঙ্গে এটি আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়; শিক্ষার্থীদের চিন্তা করতে শেখানো, গবেষণায় উৎসাহিত করা এবং সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও একজন শিক্ষকের দায়িত্ব।”
তিনি আরও বলেন, এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা ও গবেষণায় কাজ করার অনুপ্রেরণা দেবে। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনের এ স্বীকৃতিতে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।