শিরোনাম

বিদেশি বিনিয়োগকারী দল নিয়ে বন্ধ পঞ্চগড় চিনিকল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারী দল নিয়ে বন্ধ পঞ্চগড় চিনিকল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

দীর্ঘদিন বন্ধ থাকা পঞ্চগড় চিনিকল লিমিটেড পুনরায় চালু ও আধুনিকায়নের সম্ভাব্যতা যাচাইয়ে চীন, দুবাই ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী দলের প্রতিনিধিরা কারখানাটি পরিদর্শন করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল চিনিকল এলাকা পরিদর্শন করে।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা চিনিকলের মাড়াই ইউনিট, যান্ত্রিক অবকাঠামো, কারখানার বিভিন্ন স্থাপনা এবং আখ চাষের জন্য নির্ধারিত জমির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে চিনিকলের আধুনিকায়ন, বহুমুখী উৎপাদনব্যবস্থা চালু এবং স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড় চিনিকল এ অঞ্চলের অর্থনীতি এবং হাজার হাজার আখচাষি ও শ্রমিকের সঙ্গে জড়িত। ২০২০ সাল থেকে কারখানার মাড়াই কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা পঞ্চগড় চিনিকল পরিদর্শন করেছেন। কারখানাটি শুধু আগের অবস্থায় চালু নয়, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিনির পাশাপাশি জৈব সার, বিদ্যুৎ ও অন্যান্য উপজাত পণ্য উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিনিয়োগ ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

পরিদর্শনকারী বিদেশি বিনিয়োগকারী দলের প্রতিনিধিরা বলেন, ভৌগোলিক অবস্থান ও কাঁচামালের সহজলভ্যতার কারণে পঞ্চগড় চিনিকল বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। সরকারের নীতিগত ও অবকাঠামোগত সহায়তা পাওয়া গেলে এখানে বিনিয়োগের বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পঞ্চগড়ের জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশলী, জেলা বিএনপির নেতৃবৃন্দ, চিনিকলের সাবেক শ্রমিক এবং স্থানীয় আখচাষি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর