পঞ্চগড় প্রতিনিধি: একসময় ছিল জমিদারি শাসনের জৌলুশ, খাজনা আদায় আর প্রভাব-প্রতিপত্তির গল্প। সময়ের পরিক্রমায় সেই জমিদারির অস্তিত্ব এখন প্রায় বিলীন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের ঐতিহাসিক জমিদারবাড়ির অবশিষ্ট স্থাপনা এখন ধ্বংসের মুখে। সামান্য বৃষ্টিতেই খসে পড়ছে পুরোনো ভবনের অংশ। দ্রুত সংস্কার করে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ইতিহাস ও প্রচলিত তথ্য অনুযায়ী, ভারতের কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ রায়ের অধীন সোনাহার এলাকায় জমিদারি পরিচালনা করতেন ধর্য্য নারায়ণ, মতিলাল রায়, মধুসূদন রায়, যদুনাথ রায় এবং ধর্য্য নারায়ণের ছেলে লক্ষীন্দ্র নারায়ণ রায় ও কমলকৃষ্ণ রায়। প্রায় আড়াই শতাব্দী ধরে তাঁদের বংশের জমিদারি কার্যক্রম পরিচালিত হয়েছে বলে স্থানীয়দের দাবি।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর জমিদারি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তী সময়ে পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে আইন প্রণয়ন করলে ১৯৫৮-৫৯ সালের দিকে জমিদার পরিবারের সদস্যরা ভারতের জলপাইগুড়িতে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৯৬২ সালে জমিদারের সম্পত্তির একটি বড় অংশ তৎকালীন পাকিস্তান সরকারের আইনে শত্রুসম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, জমিদারের কাছ থেকে জমি বর্গা বা আধি নেওয়া অনেক প্রজা ভূমি অফিস থেকে ডিসিআর কেটে নিজেদের দখল বজায় রাখেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জমিদার পরিবারের প্রায় সাত হাজার বিঘা জমির মধ্যে কিছু অংশ এভাবে দখলে থাকলেও বাকি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। তবে জমির বর্তমান মালিকানা ও আইনি অবস্থান নিয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই প্রয়োজন।
জমিদার পরিবারের উত্তরসূরিদের দাবি, দীর্ঘদিনের জমিসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করে তাঁদের সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক। এ বিষয়ে তাঁরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিদারবাড়ি, মন্দিরসহ অবশিষ্ট ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণ করা হোক। প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের মাধ্যমে স্থানটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এলাকার ইতিহাস-ঐতিহ্য রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জমিদারবাড়িটির বেহাল অবস্থার চিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসক জমিদারবাড়ি ও মন্দিরসহ ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সোনাহার জমিদারবাড়ির অবশিষ্ট স্থাপনাগুলো রক্ষা করবে। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে ঐতিহাসিক এই স্থানটি একদিন পঞ্চগড়ের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হবে—এমনটাই তাঁদের আশা।