শিরোনাম

এটিএম জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সেই টাকায় স্বামী-স্ত্রীর দেড় কোটি টাকার জমি

এটিএম জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সেই টাকায় স্বামী-স্ত্রীর দেড় কোটি টাকার জমি

নওগাঁ প্রতিনিধি: এটিএম কার্ডের অভিনব জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা অতিক্রম করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে এসব টাকা হাতিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দম্পতি হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। সম্প্রতি ওই ক্রেডিট কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিনের (সিআরএম) এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।

প্রাথমিকভাবে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এভাবে গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে পুলিশের দাবি।

ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং জালিয়াতির কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি অর্থ দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জালিয়াতির পুরো প্রক্রিয়া, অর্থ স্থানান্তরের পদ্ধতি এবং আত্মসাৎ করা অর্থের অন্যান্য ব্যবহার সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর