রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।