জামালপুরে সাত বছর বয়সী এক শিশুকে মারধর, গলা চেপে ধরার চেষ্টা এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা।
রোববার সকালে জামালপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শিশুটির বাবা বরকত মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরকত মিয়া জানান, গত ১৯ নভেম্বর বিকেলে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলছিল তাঁর সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেয়ে আয়শা আলম। খেলাচ্ছলে এক সহপাঠীর চুল নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে প্রতিবেশী জাকিয়া জান্নাত সুমি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি আয়শাকে ডান গাল ও পিঠে মারধর এবং গলা চেপে ধরার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা।
এ সময় শিশুটির গলায় থাকা চার আনা ওজনের, প্রায় ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইনও নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
বরকত মিয়া জানান, ঘটনার পর বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায় আয়শা। এ ঘটনায় শিশুটির মা সোহানা আক্তার জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর থেকে তাঁদের বড় ছেলেকে রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত নারীর স্বামীর বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন বরকত মিয়া। এসব ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শিশুটির বাবা।