বাগেরহাট প্রতিনিধি: অভাব-অনটন ও পারিবারিক অসহায়ত্বের কারণে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে শিশুটির মা ও যাঁর কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছিল, তাঁদের হাজির করা হয়।
শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামে এক ছেলের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। চরম অসহায়ত্বের কারণে শিশুটিকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান তিনি।
প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার এক ব্যক্তির স্ত্রী নুরজাহান বেগমের কাছে হস্তান্তর করা হয়েছিল।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, তাঁর বয়স হয়েছে এবং তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারেন না। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়াও তাঁর পক্ষে কঠিন।
শিশুটির মা অনিকা আক্তার জানান, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে সন্তানের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। তাই ছেলেকে যেখানে ভালোভাবে লালন-পালন করা হবে, সেখানে দিতে চান।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু হস্তান্তর বা বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে নেওয়ার আবেদন পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।