শিরোনাম

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট ২০২৬) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যায়।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ ও উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহসভাপতি ফারজানা রিমিসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সাদা পোশাকধারীরা খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাবার নিখোঁজ হওয়ার দীর্ঘ সময়ের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়া সাদমান শিহাবের এসএসসি উত্তীর্ণ হওয়ার খবরকে পরিবারের জন্য স্বস্তি ও আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর