শিরোনাম

৪৮ ঘণ্টায় সাতক্ষীরায় ২৪ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৪৪

৪৮ ঘণ্টায় সাতক্ষীরায় ২৪ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৪৪

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতজন এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ৯ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করে এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজন রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নিচতলার ২ নম্বর ওয়ার্ডে পুরুষ এবং ৪ নম্বর ওয়ার্ডে নারীদের জন্য পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। সেখানে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মরত নার্স আরিফা খাতুন জানান, ডেঙ্গু রোগীদের বাড়তি তদারকির পাশাপাশি বেডে মশারির ব্যবস্থা করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান ডা. জয়ন্ত কুমার সরকার।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর