ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ দেবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের জন্য নির্ধারিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত চুক্তিটি নবায়নের পাশাপাশি অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টন নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, চুক্তি নবায়ন ও পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করা হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিদ্যমান বিতর্ক নিরসনে সহায়ক হবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সমর্থন নিয়ে বিতর্ক ছিল। এ পরিস্থিতিতে ভারত চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করলে বাংলাদেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্বের বিষয়টি প্রমাণিত হবে বলে তিনি মনে করেন।
এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি একনেকে অনুমোদন পাওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান।
এরপর প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।