শিরোনাম

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআই রুবেলের মরদেহ উদ্ধার

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআই রুবেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেন অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে সন্ধান করেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে গেলে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দেন। এ সময় রুবেল হোসেনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। ওয়াশরুমের স্টিলের দরজা কেটে এএসআই রুবেলকে উদ্ধার করা হয়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর