শিরোনাম

সৈয়দপুরে মিনিবাসের চাপায় কৃষক নিহত, মহাসড়ক অবরোধ

সৈয়দপুরে মিনিবাসের চাপায় কৃষক নিহত, মহাসড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুরে মহাসড়ক পার হওয়ার সময় মিনিবাসের চাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়া মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার দুপুরে ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল লতিফ। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বাহন পরিবহনের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মিনিবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর