নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশে বালুবাহী ট্রাকগুলো আটক করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাইয়ান মুক্কি ও স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে ট্রাকগুলো আটক করা হয়েছে বলে জানা গেছে।
ট্রাক আটকের খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন।
এদিকে ১৪টি ট্রাক আটকের খবর ছড়িয়ে পড়লে ওই সড়কের বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় বালু পরিবহনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। আটক ট্রাকগুলোর বালু কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, পরিবহনের অনুমতি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট কাগজপত্র বৈধ কি না—এসব বিষয় যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
তাদের দাবি, তদন্ত করে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।