শিরোনাম

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন অডিটোরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়াসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্যসচিব মো. নাসির উদ্দীন।

সমিতির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের বিভিন্ন ন্যায়সংগত অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। এসব দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমিতির সাত দফা দাবিগুলো হলো—
১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা দিতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দলিল লেখা, মুসাবিদা বা রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের সুযোগ দেওয়া যাবে না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোনো দলিল লেখকের লাইসেন্স দেওয়া যাবে না।
৫. সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ করতে হবে।
৬. দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে মামলা করা যাবে না।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ জেলা সমিতির নেতৃবৃন্দ এবং সাত দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে জেলার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর