প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শহীদ স্মৃতিসৌধের চারপাশ আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি হারিয়েছে সৌন্দর্য। স্থানীয়দের অভিযোগ, স্মৃতিসৌধ চত্বরের একটি পরিত্যক্ত কক্ষে নিয়মিত বসছে মাদকসেবীদের আড্ডা। সেখানে মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডও চলছে। এতে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
শহরের বিমানবন্দর সড়কে ডাকবাংলোর সামনে অবস্থিত স্মৃতিসৌধটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসনের। তবে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত তদারকি না থাকায় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি অযত্নে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, রক্ষণাবেক্ষণের জন্য প্রতিবছর বরাদ্দ থাকলেও দৃশ্যমান উন্নতি নেই।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধ চত্বরের বিভিন্ন স্থানে আগাছা ও ঝোপঝাড় জন্মেছে। দীর্ঘদিনের অযত্নে পুরো এলাকার সৌন্দর্য নষ্ট হয়েছে। স্মৃতিসৌধের ভেতরে থাকা একটি পরিত্যক্ত অফিসকক্ষও ব্যবহৃত হচ্ছে মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, প্রতিদিন সন্ধ্যার পর স্মৃতিসৌধ এলাকায় মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। গভীর রাত পর্যন্ত সেখানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের অভিযোগ রয়েছে। পাশাপাশি নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ডও চলে বলে দাবি করেন তিনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাটি সাধারণ মানুষের চলাচলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
ফরহাদ হোসেনের অভিযোগ, মাদকসেবীদের আনাগোনার কারণে এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনাও বেড়েছে। চুরি করা তার স্মৃতিসৌধের ভেতরে আগুনে পুড়িয়ে তামা আলাদা করে পরে ভাঙারির দোকানে বিক্রি করা হয়। এ ছাড়া স্মৃতিসৌধের সীমানাপ্রাচীরের লোহার গ্রিল কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাটির মর্যাদা ও সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছে।
ডাকবাংলো এলাকা সৈয়দপুর শহরের অন্যতম শিক্ষা ও কোচিংকেন্দ্রিক এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে। অভিভাবক ও শিক্ষকদের আশঙ্কা, কোচিং সেন্টারের আশপাশে এবং স্মৃতিসৌধের ভেতরে মাদকসেবীদের প্রকাশ্য বিচরণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে তরুণদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয়দের দাবি, দ্রুত স্মৃতিসৌধটি আগাছামুক্ত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি মাদকসেবী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, স্মৃতিসৌধটি আগাছামুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরপরও সেখানে কোনো মাদকসেবী বা ভবঘুরে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।