বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণের আস্থা দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তাঁর দাবি, অর্থনৈতিক চাপ, মনস্তাত্ত্বিক প্রচারণা ও অপতথ্য ছড়িয়ে ইরানে হতাশা এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন ও তার মিত্ররা।
রোববার (২২ নভেম্বর) তেহরান অঞ্চলের আইআরজিসি ও স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার এবং সদস্যদের এক সমাবেশে এসব কথা বলেন ইজাদি।
তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন সামাজিক স্থিতিশীলতা দুর্বল করা, হতাশা তৈরি, অর্থনৈতিক চাপ বাড়ানো, মানুষের চিন্তাভাবনা ও মতামতকে প্রভাবিত করা এবং দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’
ইজাদি জানান, সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করার যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক তৎপরতা মোকাবিলা করা আইআরজিসি ও বাসিজ বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।
সমাবেশে ‘জিহাদে তাবইন’ বা সত্য ও সঠিক তথ্য তুলে ধরার গুরুত্বও উল্লেখ করেন তিনি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে অপতথ্য মোকাবিলা, বিকৃত বয়ান সংশোধন এবং জনগণের সচেতনতা বাড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা মোকাবিলায় বাসিজ বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
কী উদ্যোগ নিচ্ছে তেহরান
আইআরজিসি ও বাসিজ বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের কয়েকটি অগ্রাধিকারের কথাও তুলে ধরেন ইজাদি। এর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো, স্থানীয় নিরাপত্তা জোরদার, সামরিক ইউনিটগুলোর প্রস্তুতি বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ।
পাশাপাশি সাধারণ মানুষের সামাজিক চাহিদা পূরণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা, সামাজিক সংহতি বৃদ্ধি এবং জনগণের আস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তেহরানে বাসিজ বাহিনীর কার্যক্রম তুলে ধরে ইজাদি জানান, তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রায় ৫০০টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সুরক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এসব সক্ষমতার কথা উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের আহ্বান
ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ইজাদি বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, নৌ ও স্থলবাহিনীর সক্ষমতা বজায় রাখা এবং আরও শক্তিশালী করা জরুরি। তাঁর মতে, গত ৪৭ বছরে জনগণের অংশগ্রহণ ও নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করেই ইরান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন আইআরজিসির এই উপপ্রধান। বহিঃশত্রুর হুমকি মোকাবিলায় ইরানের জনগণ ও বাসিজ বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিনে প্রতিরোধ ফ্রন্টের ভূমিকার কথাও উল্লেখ করেন ইজাদি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বক্তব্যে ইজাদি বলেছিলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও দেশের অভ্যন্তরে অস্থিরতা উসকে দিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা দেশটির জনগণের মনোবল ভাঙতে পারেনি বলে দাবি করেন তিনি। জাতীয় ঐক্য ও জনগণের সমর্থনকে ইরানের শক্তির অন্যতম উৎস হিসেবে উল্লেখ করে অর্থনৈতিক সমস্যা সমাধান এবং অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা মোকাবিলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। ইরানি কর্মকর্তারা এসব হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তাঁদের দাবি, হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তদারকিতে থাকা পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে।
বেসামরিক নাগরিকদের ওপর এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। হামলার ঘটনাগুলোর মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে হামলার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে বহু শিশু নিহত হয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ঘটনাটিকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছানোকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তবে চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ইংরেজি নববর্ষের পর ইরানে পুনরায় হামলা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।