হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নাটোর ও নলডাঙ্গায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে, নিরাপদে ও সম্মানের সঙ্গে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে তিনি পাশে থাকবেন।
বৃহস্পতিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মন্দিরগুলোতে সরকারি বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, হিন্দু-মুসলমানের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের বাড়িতে যেতেন এবং আনন্দ ভাগাভাগি করে নিতেন। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখা সবার দায়িত্ব।
গত ১৭-১৮ বছরে আগের মতো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাননি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
দুলু আরও বলেন, নাটোর ও নলডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারেন, তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। কেউ তাঁদের হুমকি দিলে, ভয়ভীতি দেখালে কিংবা কোনোভাবে হয়রানি করার চেষ্টা করলে তাঁকে জানানোর আহ্বান জানান তিনি। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন হুইপ।
অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি মন্দিরে এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।