নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ আরও চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী রাশিদা বলে জানা গেছে। নিখোঁজরা হলেন—হেলাল, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে রওনা হন। নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পরে স্থানীয়রা রাশিদাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে একই পরিবারের তিন শিশুসহ চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।