শিরোনাম

বিরোধী দলের হুমকিতে ভয় পায় না বিএনপি, মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা ছাড়ব: মীর শাহে আলম

বিরোধী দলের হুমকিতে ভয় পায় না বিএনপি, মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা ছাড়ব: মীর শাহে আলম

বিরোধী দলের আন্দোলন ও হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা ছাড়বে বিএনপি সরকার।

বিরোধী দলকে অন্তত চার বছর ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে তখন আন্দোলন কর্মসূচি দেওয়া যৌক্তিক হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি। সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, দেশের বাইরে কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য ১১ দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে তিনি মনে করেন। তেলের সংকটের কথা বলে লংমার্চের কর্মসূচি দেওয়া হলেও এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

লংমার্চ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে লংমার্চ কোনো কার্যকর পদ্ধতি নয়। এসব সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয় দাবি করে তিনি বলেন, আগের সরকারের সময়কার বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার পেয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র সাত মাস হয়েছে। এই অল্প সময়ে সরকার যতটুকু সম্ভব, তা করার চেষ্টা করছে। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

১১ দলের বিভিন্ন কর্মসূচির বিষয়ে মীর শাহে আলম বলেন, সরকারের ছয় মাস না যেতেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে নামা হয়েছে। এসব দাবিকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হুমকি-ধমকিতে কাজ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সরকার তার মেয়াদ পূর্ণ করবে। তার আগে গদি থেকে এক বিন্দুও নড়বে না।’

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, চার বছর ধৈর্য ধরতে হবে। সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তখন আন্দোলনে গেলে সেটি যৌক্তিক হবে।

কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের সব মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মীর শাহে আলম। বিএনপি উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বেহেশতের টিকিট দেওয়ার গ্যারান্টি বিএনপি দিতে পারবে না, তবে উন্নয়নের গ্যারান্টি দেবে।’

পরে দুপুরে পীরগঞ্জের বড়দরগাহ বাজার থেকে ভেন্ডাবাড়ি জিসি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন মীর শাহে আলম। প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে সরকার বিভিন্ন মেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন চৌধুরী পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এদিন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন মীর শাহে আলম। একই সঙ্গে রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর