শিরোনাম

দৌলতপুরে হিন্দু বাড়ি থেকে পূজার সামগ্রী চুরি, গ্রেপ্তার ৩

দৌলতপুরে হিন্দু বাড়ি থেকে পূজার সামগ্রী চুরি, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের দৌলতপুরে একটি হিন্দু বাড়ি থেকে প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা মূল্যের পিতল ও কাঁসার পূজার সামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দৌলতপুর এলাকার আব্দুর রহমান (৩৩), নাগরপুর উপজেলার ধুপুরিয়া মুন্সিপাড়া এলাকার চঞ্চল হোসেন (৫০) এবং আলিফ হোসেন (১৭)। আলিফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুর হিন্দুপাড়া গ্রামের মনোরঞ্জন সাহা (৫৭) পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। গ্রামের বাড়িতে নিয়মিত কেউ থাকেন না। গত ১৩ সেপ্টেম্বর তিনি প্রতিবেশী সুজন হালদার ও সাবিত্রী শীলকে বাড়িটি পরিষ্কার করার কথা জানান। ১৫ সেপ্টেম্বর তাঁরা বাড়িতে গিয়ে বসতঘরের প্রধান দরজা খোলা দেখতে পান।

পরে ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, সিলিংয়ের ওপর রাখা কাঁসার তৈরি বিভিন্ন পূজা ও অর্চনার সামগ্রী নেই। বিষয়টি তাঁরা প্রতিবেশীদের জানান। পরে বাড়ির মালিককে অবহিত করা হয়।

মনোরঞ্জন সাহা বলেন, চুরি যাওয়া সামগ্রীগুলো তাঁদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সামগ্রীর আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চঞ্চল হোসেনের ভাঙারির দোকান থেকে কাঁসার ছয়টি লোটা, দুটি মাঝারি আকারের কাঁসার বাটি ও একটি বড় আকারের কলস উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর