শিরোনাম

শিবপুরে প্রাইভেটকারে মিলল ১৯৮ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১

শিবপুরে প্রাইভেটকারে মিলল ১৯৮ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১
ছবি প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবকের তিন সহযোগী পালিয়ে গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার শাষপুর শহীদ মিনারসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়। শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ইমন মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর সহযোগী হিসেবে পরিচিত আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) পালিয়ে যান।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৮০৫১) তল্লাশি করা হয়। গাড়ির ডালার ভেতরে দুটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ, যা ফেনসিডিল নামে পরিচিত, উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই গাড়ি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের ধারণা। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর