খুলনায় পারিবারিক বিরোধের জেরে ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে। ঘটনায় ইকবালের সাবেক মেয়ের জামাই আবির জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইকবাল শেখ ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। তাঁর বাম পায়ে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্র জানায়, ইকবালের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে গুলির ঘটনায় ঠিক কী কারণে এবং কীভাবে ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।