বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এবং শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগকারীদের জন্য নীতির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপ ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। এ লক্ষ্যে নীতির ধারাবাহিকতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তিগত রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি ও স্টার্টআপের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন। তাঁর মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি দেশকে শিপিং, মৎস্য, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
সিজিএসের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এতে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।