শিরোনাম

চিংড়িতে জেলি পুশ, সাতক্ষীরায় ৩৬ কেজি মাছ জব্দ; চালককে জরিমানা

চিংড়িতে জেলি পুশ, সাতক্ষীরায় ৩৬ কেজি মাছ জব্দ; চালককে জরিমানা

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬-এর যশোর ক্যাম্প। এ ঘটনায় ভ্যানচালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে সাতক্ষীরা শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানটির গতিরোধ করে তল্লাশি চালানোর সময় চিংড়িগুলোতে সন্দেহজনক উপাদান দেখতে পান র‌্যাব সদস্যরা। পরে বিষয়টি যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে মাছ পরীক্ষা করেন।

পরীক্ষা-নিরীক্ষার পর চিংড়িতে জেলি পুশ করা হয়েছে বলে নিশ্চিত করেন মৎস্য কর্মকর্তা। এরপর মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় চালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা ৩৬ কেজি জেলিযুক্ত চিংড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন ও আকার বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর পদার্থ পুশ করে থাকে। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর