শিরোনাম

বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেফটি ট্যাংকি নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল নির্মাণের সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ার রহমানকে উদ্ধার করা হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে টানা বৃষ্টি ও ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাদামাটির চাপের কারণে সেফটি ট্যাংকির দেয়াল ধসে পড়তে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর