শিরোনাম

পঞ্চগড়ে দ্বিতীয় পর্যায়ে সোলার প্রকল্প স্থাপনের উদ্যোগ

পঞ্চগড়ে দ্বিতীয় পর্যায়ে সোলার প্রকল্প স্থাপনের উদ্যোগ

পঞ্চগড়ে দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় পঞ্চগড়েও সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের জন্য সোলার প্রকল্প অত্যন্ত উপযোগী উল্লেখ করে তিনি বলেন, দ্রুত নির্মাণকাজ এগিয়ে নেওয়া সম্ভব হলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সোলার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা মিলবে। একই সঙ্গে স্থানীয় বেকারত্ব কমিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর ফলে গ্রামের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং বলেন, এখানকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তাঁরা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর