পঞ্চগড় সদর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই কীটনাশক ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠান থেকে ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রাম ও গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া বাজারে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী ও মুন্না ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনের (৪৪) বাড়িতে সার মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে টিএসপি ১৫ বস্তা, পটাশ ২২ বস্তা ও ডিএপি ২৪ বস্তাসহ মোট ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অন্যদিকে, গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজীর নেতৃত্বে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে কাগজপত্রবিহীন মজুত করা নয় বস্তা সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনিও তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযান শেষে বজরাপাড়া বাজারে জব্দ করা নয় বস্তা সার উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, দুই অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। হাড়িভাসা থেকে জব্দ করা ৬১ বস্তা সার মঙ্গলবার ইউনিয়ন পরিষদে সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অন্যদিকে, গরিনাবাড়ির বজরাপাড়ায় জব্দ করা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।