মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নীলফামারীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারেও দক্ষ হতে হবে। মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।
নীলফামারীর শিক্ষাব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, জেলার শিক্ষার্থীরা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এর অন্যতম কারণ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় অবকাঠামোর সীমাবদ্ধতা। এ পরিস্থিতি পরিবর্তনে কাজ করার কথা জানান তিনি।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া জেলার ৩৩৮ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অনুষ্ঠানে প্রথম দফায় ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে জিপিএ-৫ পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তুহিনের স্ত্রী তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।