নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় গ্রামের সড়ক সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহন করা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।