নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে সাড়ে চার বিঘা জমির রোপা আমন, পাট ও পটল ক্ষেত কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মদদে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের মড়োরো ও রাঙ্গালঘাট মৌজায় কৃষক শুকুর আলী, ফিরোজ হোসেনসহ তাদের ভাইয়েরা প্রায় সাড়ে চার বিঘা জমিতে পাট, রোপা আমন ও পটল চাষ করেছিলেন। ক্ষেতের ফসলও ভালো হয়েছিল। ফলন ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা।
তবে এরই মধ্যে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ওই জমিতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পটলগাছের গোড়া কেটে দেয়। একই সঙ্গে পাটক্ষেত তছনছ এবং রোপা আমনের চারা উপড়ে ফেলে তারা।
পরদিন সকালে জমিতে গিয়ে ফসলের এমন ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, “এক রাতেই আমাদের কয়েক মাসের পরিশ্রম শেষ করে দেওয়া হয়েছে। ফসল নষ্ট হওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় কৃষকেরা ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।