খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদারে রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা এবং দায়িত্ব পালনকালে ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ অভিযানসহ রাতের দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা যেন একাকী চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরে জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটায় দায়িত্ব পালনরত সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিটপ্রধানদের বলা হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। ধারালো চাপাতির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতলে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ নির্দেশনার মাধ্যমে রাতের দায়িত্ব পালনে সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।