মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের ইমাম মেহেদী (২২) দীর্ঘ ১০ বছর ধরে শহরের একটি ফুলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। তবে জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ‘মুক্ত খবর’ নামের একটি পত্রিকায় সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। ইমাম মেহেদী ও তাঁর পরিবারের দাবি, জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে একতরফা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
ইমাম মেহেদী চামটা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জাহাঙ্গীর আলমের ফুলের দোকানে কাজ করছেন। বর্তমানে জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেনের দোকানে কর্মরত রয়েছেন।
পরিবারের অভিযোগ, ‘মুক্ত খবর’ পত্রিকায় রফিক নামের এক ব্যক্তি জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইমাম মেহেদীকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ওই ব্যক্তি পেশায় একজন সার্ভেয়ার। ভূমি অফিসের বিভিন্ন কাজে প্রভাব বিস্তার ও তদবিরের জন্য তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করেন বলেও অভিযোগ করেছে পরিবারটি।
জমি নিয়ে বিরোধের সূত্রপাত চামটা মৌজার ৫৯ নম্বর আরএস খতিয়ানের ২৭ ও ১২/৫০২ নম্বর দাগের জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চামটা গ্রামের জয়নাল শেখের পাঁচ মেয়ে ওই জমির ওয়ারিশ। তাঁরা হলেন শেলী বেগম, চেলী বেগম, দেলোয়ারা বেগম, গুলজান ও শাবজান বেগম। তাঁদের প্রত্যেকের নামে ছয় শতাংশ করে জমি রয়েছে।
ইমাম মেহেদীর পরিবারের দাবি, গুলজান ও শাবজান বেগমের কাছ থেকে রফিক ১৮ শতাংশ জমি কিনেছেন বলে দাবি করলেও ওই দুই ওয়ারিশের মালিকানায় রয়েছে মোট ১২ শতাংশ জমি। তাঁদের অভিযোগ, মালিকানার পরিমাণ নিয়ে বিরোধ থাকা সত্ত্বেও রফিক ১৮ শতাংশ জমিতে মাটি ভরাটের চেষ্টা করেন। এতে ইমাম মেহেদী ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, এ ঘটনার পরই ইমাম মেহেদীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তাঁদের দাবি, জমির মালিকানা ও মাটি ভরাট নিয়ে বিরোধের প্রকৃত বিষয়টি তুলে না ধরে প্রকাশিত সংবাদে এক পক্ষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিকে জমি নিয়ে বিরোধের ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করেছে। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ফলে জমির প্রকৃত মালিকানা ও বিরোধের অন্যান্য বিষয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে রফিকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।