মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত রাত থেকে আজ সকাল পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।