শিরোনাম

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাঁচ হত্যা মামলায় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একইসঙ্গে চারটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

নজরুল ইসলাম (৭৩) সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় বসবাস করেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। মামলাগুলোর মধ্যে রয়েছে—২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুরাতন সাতক্ষীরার আবির হাসানকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ; ২০২০ সালের ২৬ মার্চ ধুলিহরের অহিদ হত্যা; ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ; ২০১৪ সালের ১৩ জুন সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইসলাম মোড়লকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ এবং ২০১৩ সালের ২৪ ডিসেম্বর ঝাউডাঙা বাজারে ভ্যানচালক হাফিজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলা।

আদালত সূত্র আরও জানায়, এসব মামলায় সাবেক জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে সাতক্ষীরায় দায়ের হওয়া মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর জন্য তাঁকে সাতক্ষীরায় আনা হয়।

গত বৃহস্পতিবার তাঁকে ঢাকা কারাগার থেকে সাতক্ষীরা কারাগারে স্থানান্তর করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

দুপুরে তাঁকে আদালতের কাঠগড়ায় তোলা হলে শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল পাঁচটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একইসঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা চারটি মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সবকটি জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন আদালতের পুলিশ উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাহেদসহ প্রায় ২৫ থেকে ৩০ জন আইনজীবী।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, চারটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর সোমবার দুপুর ১টার দিকে নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আদালত চত্বরে নজরুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে এবং তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর