নীলফামারীর সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার শাহিন, সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, আব্দুস সাত্তার পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক জোরদার করতে হবে। তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে প্রতিপক্ষ সেই সুযোগ নিয়ে তাদের ফায়দা হাসিল করবে।”
সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।