শিরোনাম

পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত, আহত ১

পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত, আহত ১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। আহত শিক্ষার্থীর নাম রাব্বি (১৬)। সে সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে।

তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় মোড় নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর