প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম সৈয়দপুরের ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা একই বিদ্যালয়ের শিক্ষিকা। দুর্ঘটনার পর সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথে ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ আরিফুলকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর মেয়েও গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম সড়কটিতে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অপসারণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না। তাঁদের দাবি, এ অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ লোকজন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।