শিরোনাম

রংপুর মেডিকেলকে ঢেলে সাজানোর ঘোষণা মন্ত্রী দুলুর

রংপুর মেডিকেলকে ঢেলে সাজানোর ঘোষণা মন্ত্রী দুলুর

উত্তরের প্রায় চার কোটি মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, হাসপাতালের সব ধরনের অসঙ্গতি দূর করে নব উদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং পূর্ণাঙ্গ এক হাজার শয্যার হাসপাতাল হিসেবে রংপুর মেডিকেলকে গড়ে তুলতে আগামী ৩০ দিনের মধ্যে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভবনের আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মন্ত্রী।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান আশ্রয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তাই এখানকার চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। বহির্বিভাগ ও আন্তঃবিভাগের সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্বের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পান, সেটিই সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী বলেন, রংপুর মেডিকেলকে পূর্ণাঙ্গ এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তরের পাশাপাশি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী ৩০ দিনের মধ্যে হাসপাতালের পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর