কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজকর্মী মোস্তফা বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ৪ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা নয় দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও পূরণ হয়নি। তবে তিন বছর পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল-এ প্রশ্নের উত্তর আজও অজানা।
জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর জামালপুর থেকে সরিষাবাড়ী উপজেলার চাপারকোণার মহেশচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন সাংবাদিক মোস্তফা বাবুল। পথে ঝালুপাড়া ঘাট এলাকায় একটি ইটভাটার সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ নভেম্বর তিনি মারা যান।
মোস্তফা বাবুল-এর জন্ম ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি। তাঁর পিতা ইছাহাক আলী ছিলেন বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী এবং মাতামহ এর নাম রওশন আরা। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও তিনি জামালপুর শহরের দয়াময়ী রোডের মুকুন্দবাড়ী এলাকায় বসবাস করেছেন।
তিনি সরিষাবাড়ী উপজেলার স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ, পোগলদিঘা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরিষাবাড়ী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বিএ শ্রেণিতে অধ্যয়ন করেন। বাংলাদেশ গণযোগাযোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে তিনি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ নিয়েছেন।
আশির দশক থেকে তিনি সাংবাদিকতা এবং লেখালেখিতে যুক্ত। দৈনিক আজাদ পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরবর্তীতে তিনি দৈনিক জনতা, দৈনিক রূপালী, দৈনিক বাংলা, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালেরকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেন এবং তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জামালপুর জেলা সংবাদ প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি ‘সাপ্তাহিক পূর্বকথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
লেখালেখির মাধ্যমে তিনি প্রকৃতি ও মানুষের আধ্যাত্মদর্শনের স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘নিষিদ্ধ স্লোগান’, ‘প্রেম ও দ্রোহের কবিতা’, ‘শূন্যতার অভিমুখী’, ‘চারপাশে শুধু নীল মানুষ’, ও ‘বিষাক্ত আসাপের সহচরী’। এ ছাড়াও প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘ধর্ম ও নাস্তিকতা’, ‘বেশ্যাবৃত্তির সাতকাহন’, ‘পাটকেল উবাচ’, ‘বাঙলা ভাষায় প্রবাদ-সংগ্রহ’, এবং প্রবন্ধ সংকলন হিসাবে ‘ঈশ^রের হারানো বাগান’ উল্লেখযোগ্য। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ‘মতিয়র রহমান তালুকদার’ স্মারকগ্রন্থ।
তিনি ১৯৯৮ সালে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তার উদ্যোগে প্রেসক্লাবের ভবন নির্মিত হয়। এছাড়াও তিনি জামালপুর ফাউন্ডেশন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জামালপুর এর আজীবন সদস্য। তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটির সদস্য হিসাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, রাজনৈতিক দুর্বুত্তায়ন, দুর্নীতি, চোরাকারবারী, জামালপুরের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ে তিনি প্রচুর লেখালেখি করেছেন। মৃত্যু’র আগ পর্যন্ত সাংবাদিক মোস্তফা বাবুল জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক-এর অন্যতম সদস্য ছিলেন।
‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ও ‘সাংবাদিকতায় দলনিরপেক্ষতা’-এই আদর্শকে ধারণ করে তিনি পেশাগত জীবন পরিচালনা করেছেন। সত্যনিষ্ঠা, নির্ভীকতা ও বস্তুনিষ্ঠতাকে সাংবাদিকতার প্রধান শক্তি হিসেবে বিবেচনা করতেন তিনি। সমাজের অসংগতি তুলে ধরা এবং জনস্বার্থের পক্ষে লেখনী চালিয়ে যাওয়াই ছিল তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। সাংবাদিকতায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিজীবনে মোস্তফা বাবুলের স্ত্রী মমতাজ বেগম একজন গৃহিণী। তাঁদের একমাত্র মেয়ে তানিয়া আক্তার সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং ছেলে তারিখ মাহদী একজন সফটওয়্যার ডেভেলপার।