শিরোনাম

বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে তিন ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে তিন ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭০/২-এস সংলগ্ন গেট দিয়ে ভারতের মেত্রী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং কড়া নজরদারিতে রাখেন।

বিজিবির বাধার মুখে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে ওই তিনজন ভারতের কাঁটাতারের বেড়ার দিকে ফিরে যেতে বাধ্য হন। পরে সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে বিএসএফের মেত্রী ক্যাম্পের সদস্যরা ৬৮/৬-এস সীমান্ত গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, বিজিবির সময়োচিত ও কঠোর তৎপরতার কারণেই পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর