শিরোনাম

হাঙ্গেরিতে গোপন ভল্ট ও বন থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

হাঙ্গেরিতে গোপন ভল্ট ও বন থেকে প্রায় ২ কোটি ডলার উদ্ধার

হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে সাবেক এক মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা, গুদামঘর, কৃষি স্থাপনা, বসতবাড়ি এবং গোপন স্থানে রাখা বিশেষ ভল্ট থেকে এসব অর্থ উদ্ধার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হাঙ্গেরির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা দপ্তর (NVVH) জানায়, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির তিনটি অঞ্চলে সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা অর্থের মধ্যে ছিল ৫০৭ কোটি হাঙ্গেরিয়ান ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে এর মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার।

উদ্ধার করা অর্থের হিসাব করতে হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর পাঁচটি মেশিন ব্যবহার করে প্রায় আট ঘণ্টা সময় লেগেছে। পরে পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ এই অভিযান পরিচালিত হয় সাবেক জাতীয় উন্নয়নমন্ত্রী মিকলোস সেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের মন্ত্রী ছিলেন।

তদন্তকারীদের সন্দেহ, সরকারি পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের চুক্তি থেকে তিনি ঘুষ ও অবৈধ কমিশন গ্রহণ করেছেন। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে তাঁকে আটক করা হয়। তবে সেস্তাক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসানের পর নতুন সরকার রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে।

উদ্ধার হওয়া বিপুল অর্থকে দুর্নীতিবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর