ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের জন্য আমরা’র উদ্যোগে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার মানসা শহীদ মিনার চত্বরে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন। এলাকায় এমন মানবিক উদ্যোগ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান মোড়ল, মিজানুর রহমান হালদার, রবীন্দ্রনাথ হালদার বাটুল, বাবু বাবলু কুমার আশ, ইমরান আহমেদ (সাবের), মো. ইয়াসিন, কাজী আবদুল কুদ্দুস, মো. ইব্রাহিম মোল্লা ও তপন কুমার সাহাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম কিবরিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পাভেল আহমেদ, জয়নাল আবেদীন মিঠু, পারভেজ শেখ, মাসুদুর রহমান, হৃদয় মোল্লা, হারিবুর, মো. জাকারিয়া, ফেরদৌস, আলামিন শেখ, আবদুল্লাহ, বাঁধন, নাজমুল ইসলাম, সাগর মজুমদার সৌরভ, শহিদুল ইসলাম বাবু, রহমত শেখ, রাহুল, সুব্রত, উখান, অমৃত, হারুন, আশিক ও শাওনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের সভাপতি মো. জাহিদ, কামাল উদ্দিন এবং ফকিরহাট উপজেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. ইবাদুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ফকিরহাট ডাক্তার প্যারেন্ট হাসপাতাল।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘মানুষের জন্য আমরা’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মানুষের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নিয়ে সংগঠনটি কাজ করছে।
তাঁরা জানান, সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, যৌতুকবিরোধী সভা, নারী নির্যাতন প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি রক্তদান, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়, দরিদ্র শিক্ষার্থীদের বই উপহার, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান।
মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং সচেতন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।