শিরোনাম

কোস্টগার্ডের উদ্যোগে মোংলার জয়মনির ঘোলে রিভার্স অসমোসিস প্ল্যান্ট উদ্বোধন

কোস্টগার্ডের উদ্যোগে মোংলার জয়মনির ঘোলে রিভার্স অসমোসিস প্ল্যান্ট উদ্বোধন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি আধুনিক রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যান্টটির উদ্বোধন করেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে এই রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন স্থাপিত প্ল্যান্টের মাধ্যমে জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার সাধারণ মানুষও নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা পাবেন। এর ফলে দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর