বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও
পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার ও দুই যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা লুৎফর বারী। বাকি তিনজনের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির চালক, হেলপার ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।