শিরোনাম

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

‘মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা বিআরডিবি মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, বাংলাদেশ কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর